Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্য মেলায় সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেলো বিসিক

শেষ হয়েছে ২৯ তম ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

২৯ তম ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলায় সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক)।

শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপ্তির দিনে এ পুরস্কার প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

বিসিক এবারের মেলায় হল “এ”-তে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে আটজন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধুসহ নানা পণ্য প্রদর্শিত এবং বিক্রি করা হয়।

বিসিকের জনসংযোগ কর্মকর্তা মোছা. পারুল আক্তার কেয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বিসিকের স্টল দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রীত পণ্যের গুণগতমান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন। বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল। বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, বাণিজ্যমেলার এবারের আসরে ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও হংকংয়ের ১১টি প্রতিষ্ঠান রয়েছে।

গত ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন।

   

About

Popular Links

x