Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপকেন্দ্রিক প্রাণহানি, সহিংসতা ও গণমাধ্যমের দায়

পাল্লা দিয়ে খেলা জনমানসে ইনজেক্ট করছে মিডিয়া। অথচ উপেক্ষিত হচ্ছে স্বভূমের পরিস্থিতি। আধা ইঞ্চি জায়গা বরাদ্দ অমূল্য অমিত সম্ভাবনার প্রাণ বিলীনের খবরের

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

সবাই জানেন এ মাসের ২০ তারিখে কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ থেকে কাতার প্রায় আড়াই হাজার মাইল দূরে। কিন্তু তরঙ্গায়িত একমুখী বিশ্ব ব্যবস্থায় দূরত্ব কোনো ঘটনা না। মাঠে খেলছে ৩২ দেশ তবে কাঁপছে পুরো পৃথিবী।

বাংলাদেশ বরাবরের মতোই উত্তাল বিশ্বকাপ নিয়ে। অল্প ব্যতিক্রম বাদে দেশ এখন বিভক্ত ব্রাজিল-আর্জেন্টিনা দুই শিবিরে। নিজের দেশ অংশ না নিলেও খেলার উত্তেজনা উন্মাদনার সীমা অতিক্রম করে বাঙালি মেতেছে উন্মত্ততায়। ঘটেছে সহিংসতা। খেলা নিয়ে বাদ থাকে না হতাহত প্রাণহানি পর্যন্ত।

গত ২৩ নভেম্বর ঢাকা ট্রিবিউন বাংলার একটি সংবাদ উদ্ধৃত করা যায়,

“গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় পাঁচ ব্রাজিল সমর্থক আহত

গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মারধরে পাঁচ ব্রাজিল সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।

জানা গেছে, মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় শুরু হয় ব্রাজিলের ভক্তদের। এ সময় প্রতিপক্ষের হামলায় পাঁচ ব্রাজিল সমর্থক আহত হন। আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তিরস্কার করেন। পরে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।”

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ”

এ গেল বিশ্বকাপ শুরুর পর সংঘর্ষ ও আহতের ঘটনা। বিশ্বকাপ শুরুর আগেই অমূল্য প্রাণহানি ঘটেছে দেশে। গত ৮ নভেম্বর প্রকাশিত দৈনিক বণিক বার্তা'র অনলাইন সংস্করণ উদ্ধৃত করা যায়,  

“আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের হাদুক পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম দীপেন ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপে দীপেন র্আজেন্টিনা দলের সর্মথক। আসন্ন বিশ্বকাপ ঘিরে দলের পতাকা টাঙাতে গেলে অসাবধানতাবশত বাঁশের খুঁটি বিদ্যুতের তারে লেগে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই দীপেনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, এর মধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য তার মরদেহ খাগড়াছড়ি হাসপাতালে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হলেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ”

এরপর গত ১১ নভেম্বর প্রকাশিত দৈনিক বণিক বার্তা'র অনলাইন সংস্করণের একই রকম এক মৃত্যু বার্তা উদ্ধৃত প্রাসঙ্গিক।  

“প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গণেশ সিং (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত গণেশ ওই গ্রামের গ্রাম পুলিশ বিজেত সিংয়ের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গণেশ ফুটবল দল ব্রাজিলের সমর্থক ছিলেন। প্রিয় দলের পতাকা নিজের বাড়িতে টাঙানোর জন্য দুপুরে আম গাছ বেয়ে টিনের চালে উঠেছিলেন তিনি। গাছটির পাশে হাই ভোল্টেজ এর বৈদ্যুতিক তার ছিল। গাছে উঠবার সময় সেটি অসাবধনাবশত ওই তারে জড়িয়ে পড়েন গণেশ।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খেলা কেন্দ্রিক মৃত্যু সংবাদের শেষ এখানেই নয়। ২০ নভেম্বরের দৈনিক দেশ রূপান্তর এর অনলাইন সংস্করণ থেকে উদ্ধৃত করা যায়,

“আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় একই এলাকার শামছুল হকের ছেলে সাজ্জাদ (১৯) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের সমর্থক শামীম ও সাজ্জাদ পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থক শামীম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দুজনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।”

উপরোক্ত প্রতিটি সংবাদই প্রকাশ হয়েছে গণমাধ্যমের “মফস্বল” এর জন্য বরাদ্দকৃত জায়গায়। এসব সংবাদের একটিরও কোনো ফলোআপ নেই। নেই প্রাণহানি ও সংঘর্ষের মতো সহিংসতা এড়াতে প্রশাসন বা রাষ্ট্রীয় কোনো উদ্যোগের খবর। যদিও দেশের প্রথম সারির প্রতিটি গণমাধ্যম প্রায় মরিয়া হয়ে কভার করছে বিশ্বকাপ ফুটবল। বলা যায় যেন পাল্লা দিয়ে খেলা জনমানসে ইনজেক্ট করছে মিডিয়া। অথচ উপেক্ষিত হচ্ছে স্বভূমের পরিস্থিতি। আধা ইঞ্চি জায়গা বরাদ্দ অমূল্য অমিত সম্ভাবনার প্রাণ বিলীনের খবরের।

প্রতিবারই এমন হয়, আমরা “হুজুগে বাঙাল”, “মৃত্যুর সংখ্যা অতি নগণ্য”- ইত্যকার কথা বললে আসল পরিস্থিতি আড়াল হয়। এখন চাওয়া শুধু দেশের সংবাদমাধ্যমের নেতৃত্বে “ফুটবল হুলিগানিজম” যেন প্রাতিষ্ঠানিক ভিত্তি না পায়। বিজ্ঞাপনের স্বার্থে সব চলে, এই বোধ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সমষ্টির প্রতি বিশ্বাসঘাতক যেন আমাদের নতুন পরিচয় না হয়ে ওঠে।


লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হাসান শাওনের জন্ম, বেড়ে ওঠা রাজধানীর মিরপুরে। পড়াশোনা করেছেন মনিপুর উচ্চ বিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটে। ২০০৫ সাল থেকে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কাজ করেছেন সমকাল, বণিক বার্তা, ক্যানভাস ম্যাগাজিন ও আজকের পত্রিকায়।

২০২০ সালের ১৩ নভেম্বর হাসান শাওনের প্রথম বই “হুমায়ূনকে নিয়ে” প্রকাশিত হয়।



   

About

Popular Links

x