চোখ ভর করেছে স্ক্রিনে। কেউ দেখছেন ফোনে, কেউ টিভিতে। বিষয় হচ্ছে, যার যে গ্যাজেট আছে তাতে। খবর রাখছেন খেলার। যেমন-তেমন খেলা নয়। বিশ্বকাপ ক্রিকেটের খেলা বলে কথা। যে বিশ্বকাপে খেলে বাংলাদেশ। ‘‘টাইগার’ পরিচিতি নিয়ে যে এগারোজনের দল একত্র করে পুরো জাতিকে। বিশ্বমানচিত্রে ওড়ায় লাল সবুজের নিশান। আর কোনো ক্ষেত্র পারেনি বাংলাদেশ এ পর্যায়ে পৌঁছে দিতে। ক্রিকেট পেরেছে। তাই বাঙালির আবেগ টইটম্বুর এই ক্রিকেট নিয়ে।
তবে একটি বিষয় মানতেই হবে। তা হলো, এখন পর্যন্ত ক্রিকেট এক ঔপনিবেশিক খেলা হয়েই আছে। বিশ্ব পরাশক্তি হিসেবে বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন এ খেলায় নেই। তাই নামে বিশ্বকাপ হলে মূল মাতামাতি চলছে শুধু সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোয়। বিশেষত ভারতবর্ষে। আর জনগণের আগ্রহ যেখানে সে জায়গায়ই স্বাভাবিকভাবে পুঁজির গন্তব্য। পুরো গণমাধ্যম থেকে দিন-যাপনের সব পর্বে ক্রিকেট বিশ্বকাপকেন্দ্রিক বিজ্ঞাপনী বাজারের ছোঁয়া এ কারণেই।
আজকের ক্রিকেটকে বহু সংস্কারের ভেতর দিয়ে যেতে হয়েছে। টেস্ট থেকে ওয়ানডে হয়ে হালের মারদাঙ্গা টি-টোয়েন্টি যার সর্বশেষ। টি-টোয়েন্টি সংস্করণ শুরুর সময় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলেছিল, এটি ক্রিকেটের বিশ্বায়ন ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে কি তা ঘটেছে? প্রসার ঘটেছে শুধু বিপুল বিনিয়োগের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের। যার মুনাফা সবচেয়ে বেশি লুটেছে বৃহৎ কর্পোরেশনগুলো। কিন্তু খেলা হিসেবে ক্রিকেটের প্রসার তেমন বাড়েনি। আবার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ভর করে আছে শুধু মাত্র দক্ষিণ এশীয় কমিউনিটির ওপর। ফুটবল, বেসবল, টেনিস, বাস্কেটবল ও রাগবির তুলনায় ক্রিকেট বিশ্বজুড়ে এক ব্রাত্যজনের খেলা হয়েই আছে। ক্রিকেট বিশ্বায়ন অদেখাই থাকল।
এবারের চলমান ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কে অনেকে বলছেন এটি এ ফর্মেটের জন্য বিরাট পরীক্ষা। লাভ-ক্ষতির অঙ্ক কড়ির হিসাব শেষে এর মূল্যায়ন হবে। টেস্ট ক্রিকেটের মতো প্রায় বিলীন হতে পারে ওয়ানডে ক্রিকেট।
এক সময় কমনওয়েলথ গেমস ছিল বিশ্বের অন্যতম সেরা এক খেলার আসর। কিন্তু বিপুল ব্যয় উঠিয়ে না পারা ও উপনিবেশবিরোধী চিন্তার বিস্তারে এ আসরে ভাটা পড়েছে। এখন দেখা যাচ্ছে, বহু দেশই আগ্রহী নয় কমনওয়েলথ গেমস আসর আয়োজনে। টি-টোয়েন্টি ফর্মেটের সামনে এখন অসহায় ক্রিকেটের টেস্ট এবং ওয়ানডে সংস্করণ। তাই বিশ্বায়িত ক্রিকেট নয় বরং এখন দেখতে হচ্ছে বিলুপ্তির পথে যাওয়া ক্রিকেটকে।
এমন পরিস্থিতিতে এ প্রশ্ন অসঙ্গত নয় যে, আসলেই কি ক্রিকেট বিশ্বকাপে বিশ্ব মাতে?



