বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, দ্রুত তীব্রতর হতে থাকা “এল নিনো” আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী আবহাওয়ার ধরনে আধিপত্য বিস্তার করবে। ফলে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে জাতিসংঘের এ সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা বলছে, সতর্কবার্তাটি এমন সময়ে এলো যখন আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া দক্ষিণ এশিয়াজুড়ে চলমান বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, এল নিনো রীতিমতো ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এটি কেবল একটি প্রস্তুতি পর্ব।
এরফফে মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের জলের এই অস্বাভাবিক উষ্ণতা আবহাওয়া ব্যবস্থাকে বিপর্যস্ত করবে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এল নিনোর প্রভাব মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে মিলিত হওয়ায় জলবায়ু কার্যক্রম জোরদার করার আহ্বানও জানান জাতিসংঘ প্রধান।
বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো জানান, আজ আমরা যে সিদ্ধান্তগুলো নেব, আগামীকালের প্রভাব নির্ধারণ করবে তাই।’
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এ বছরের দ্বিতীয়ার্ধে এল নিনো যখন চরমে পৌঁছাবে, তখন এর তীব্রতা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। তবে কম্পিউটার মডেলের পূর্বাভাস এখনো অনিশ্চিত।



