বান্ধবীর কুকুর হত্যা এবং মিথ্যা তথ্য দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার এক পুলিশ সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংবাদসংস্থা এএফপি জানায়, ভার্জিনিয়ার রিচমন্ডের পুলিশ কর্মকর্তা রিচার্ড চিনাপ্পি গত বছরের অক্টোবরে তার সাবেক বান্ধবীর বিগল মিক্স কুকুরকে গুলি করে হত্যা করেন। কিন্তু পরবর্তীতে তদন্তকারীদের বলেন যে, ভাল্লুকের আক্রমণের ফলে কুকুরটি মারা গেছে।
২০১৬ সালে পুলিশ কর্মকর্তা হওয়া চিনাপ্পির বিরুদ্ধে কুকুরটিকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার (১১ মার্চ) পাওহাটান বিভাগীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তবে তাকে আপাতত এক বছর কারাগারে কাটাতে হবে। বাকি চার বছর স্থগিত কারাদণ্ডাদেশ হওয়ায় একই অপরাধ আবার না করা পর্যন্ত সেই সাজা ভোগ করতে হবে না।



