প্রসাধনী দিয়ে অনেকেই হয়ত আগ্রহ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। কেউ হয়ত ব্যক্তিগত কারণে আবার অনেকে হয়ত পেশাগত কাজে এসব করে থাকেন। যদিও এই কাজে সফলতা পেতে সময় এবং ধৈর্য্য দুটোই প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে।
তবে মিমি চয় যা করেছেন, তা নিঃসন্দেহে অনেকের চেয়ে আলাদা। প্রসাধনী ব্যবহার করে কানাডার এই শিল্পী এমনভাবে চিত্রকর্ম ফুটিয়ে তুলেন যে, তা সবাইকে ধন্দে ফেলে দিয়েছে। আর এক্ষেত্রে মিমি চয় ক্যানভাস হিসেবে ব্যবহার করেছেন, নিজের মুখ আর দেহ। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে, দানব মুখ, কার্নিভাল রাইড, অ্যাকুয়ারিয়াম এবং আরও অনেক কিছু তৈরি করেছেন মিমি চয়। সাম্প্রতিক সময়ে মিমির অনেকে শিল্পকর্ম ভাইরাল হয়েছে। সেরকম একটি ভিডিওতে দেখা যায়, পায়ে ক্যাকটাস এঁকেছেন মিমি চয়। রঙ থেকে শুরু করে কাঁটা দেখে আপনি বুঝতেই পারবেন না, এটা আসল ক্যাকটাস নাকি কোনো শিল্পকর্ম।
মিমি চয়ের আরেকটি ছবিতে দেখা যায়, তিনি পায়ে পাউরুটি এঁকেছেন। পাশে পড়ে আছে একটি ছুরি। দেখে মনে হচ্ছে, সত্যিকারের ছুরি দিয়ে কাটা রুটি রাখা হয়েছে টেবিলে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি পায়ে কলার ছবি এঁকেছেন। কিন্তু তাঁর পা দেখে মনে হতে পারে, এটা সত্যি কলা। শুধু তাই না, আরেকটি ভিডিওতে তার পা দেখে মনে হবে, স্লাইস স্লাইস করে টমেটো কাটা হচ্ছে।
মিমির নিপুণ শিল্পকর্মের প্রমাণস্বরূপ ভিডিওটি গত বছরের ১৫ ডিসেম্বর শেয়ার করা হয়েছিল। এরপর থেকে ভিডিওটি এক লাখের বেশিবার দেখা হয়েছে, সেই সঙ্গে পড়েছে ৯৪ হাজার লাইক। ক্যাপশনে মিমি চয় বলেন, এটা আমার পা। এরপর পায়ে আমি কী আঁকব?
সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে মিমি চয়ের কারুকার্জের প্রশংসাও করেন। এক ব্যবহারকারী বলেন, এটা অদ্ভুত হলেও চিত্তাকর্ষক। আরেক ব্যবহারকারী বলেন, তিনি দুর্দান্ত ট্যাটু বানাবেন। অপর এক ব্যবহারকারী বলেন, তিনি এটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।



