Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাদা কাপড় থেকে কঠিন দাগ যেভাবে দূর করবেন

সাদা পোশাক থেকে দাগ ওঠাতে প্রায়ই গলদঘর্ম হতে হয়

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম

সাদা রঙকে বলা হয় শান্তির প্রতীক। কেউ কেউ সাদাকে রাজকীয়তার প্রতীকও বলে থাকেন। পোশাকের সাদা রঙ চোখে প্রশান্তি নিয়ে আসে। সাদা পোশাকে সব বয়সের মানুষকেই দারুণ মানায়। অনেকেই তাই শপিংয়ে গেলে সবার আগে এ ধরনের পোশাক বেছে নেন। তাপ শোষণক্ষমতা কম বিধায় তীব্র গরমের সময়ে সাদা কাপড় স্বস্তি এনে দেয়।

সাদা পোশাকের যেমন অনেক ইতিবাচক দিক রয়েছে, তেমনি শ্বেতশুভ্র এই রঙের পোশাকের বিড়ম্বনাও কম না। অন্য যেকোনো রঙের চেয়ে সাদা পোশাক তুলনামূলক দ্রুত সময় ও সহজে নোংরা হয়ে যায়। পাশাপাশি সাদা পোশাকে দাগ লাগার সম্ভাবনাও থাকে সবচেয়ে বেশি।

সাদা পোশাকের দাগ ওঠানো রীতিমতো গলদঘর্ম পরিশ্রম। তবে সহজ কিছু উপায় অবলম্বন করলেই কঠিন দাগ দূর করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক-

চা-কফির দাগ

চা-কফি পানের সময় অসাবধানতাবশত সাদা পোশাকে দাগ লেগে যায়। লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহারের মাধ্যমে কম বিড়ম্বনায় এসব দাগ ওঠানো যায়। দাগযুক্ত জায়গায় ৫ মিনিটের জন্য সামান্য তরল ডিটারজেন্ট লাগিয়ে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া, ভিনেগার বা বেকিং সোডা দিয়েও এসব দাগ ওঠানো সম্ভব।

তেলের দাগ

খাবার খাওয়ার সময় প্রায়ই পোশাকে তেলের দাগ বসে যায়। থালাবাসন থেকে তেল পরিষ্কারের জন্য মূলত ডিশ ওয়াশিং সাবান ব্যবহার করা হয়। সাদা পোশাক থেকে তেল চিটচিটে দাগ দূর করতেও এটি কাজে লাগাতে পারেন। প্রতি দুই কাপ পানিতে এক চা চামচ ডিশ ওয়াশিং সাবান মিশিয়ে দাগের ওপর ঘষুন। ধীরে ধীরে তেলের দাগ উঠে যাবে।

কাদামাটির দাগ

বৃষ্টির দিনে কর্দমাক্ত রাস্তায় পথ চলতে গিয়ে পোশাকে কাদামাটি লেগে যেতে পারে। এক্ষেত্রে পোশাক আগেই ধোয়ার জন্য পানিতে না ভিজিয়ে শুকাতে দিন। অন্যথায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পোশাকের বাকি অংশে দাগ পড়ে যাবে। শুকিয়ে গেলে দাগ নরম করতে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এ পদ্ধতিতে দাগ না উঠলে ব্লিচ বা অ্যামোনিয়া ব্যবহার করতে পারেন।

রক্তের দাগ

সাদা পোশাকে রক্ত লাগলে সেটি ঠাণ্ডা পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা পানির সংস্পর্শে দাগ দুর্বল হয়ে যাবে। এরপর সেই দাগ ওঠানো সহজ হবে। রক্ত শুকিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে এনজাইমেটিক লন্ড্রি ডিটারজেন্ট দিয়ে সেই পোশাক ধুয়ে ফেলুন।

ঘামের দাগ

কর্মব্যস্ত দিনের পর সাদা পোশাকে ঘামের দাগ জেঁকে বসে। কাপড় থেকে ঘামের দাগ দূরের জন্য সহায়ক হতে পারে ভিনেগার। ২:১ অনুপাতে কুসুম গরম পানিতে সাদা ভিনেগার মিশিয়ে দাগে স্প্রে করে আধা ঘণ্টার জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাজ না করে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন।

তরকারির ঝোল বা হলুদ দাগ

তরকারির ঝোল লাগলে দাগ লাগা জায়গায় ভালোমতো আধা কাপ ভিনেগার লাগিয়ে কিছুক্ষণ পর পোশাক ধুয়ে ফেলুন। এতে দাগ উঠে যাবে। বেকিং সোডা ও লেবুর সাহায্যেও এই দাগ দূর করা সম্ভব। এজন্য কাপড়ের দাগযুক্ত অংশে এক টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে ফালি করা লেবু ঘষে নিন। ১৫ মিনিট অপেক্ষার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চকোলেটের দাগ

শুরুতে চকলেটের দাগ যতটুক সম্ভব উঠিয়ে নিন। এরপর ঠাণ্ডা পানিতে সেই সাদা পোশাক ভিজিয়ে রাখুন। ধোয়ার আগে ১৫ মিনিটের জন্য দাগযুক্ত জায়গায় লন্ড্রি ডিটারজেন্ট লাগিয়ে রাখুন। দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিলেও দাগ উঠে যাবে।

মরিচার দাগ

লোহার জিনিস ব্যবহারের সময় মরিচার দাগ লাগলে ওই সাদা পোশাক ঠাণ্ডা পানিতে লবণ মিশিয়ে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দাগের উপর লবণ ছিটিয়ে দিন। পাঁচ মিনিট অপেক্ষার পর সরাসরি লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন।

সুগন্ধির দাগ

অনেক ক্ষেত্রে সুগন্ধি ব্যবহারের সময় সাদা পোশাকে দাগ লেগে যায়। এক্ষেত্রে প্রতি দুই টেবিল চামচ বেকিং সোডায় আধা কাপ কাপ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দাগের উপর লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার আগে দুই ঘণ্টা রেখে দিন। যদি এতে কাজ না হয়, তাহলে অক্সিজেন ব্লিচ ব্যবহার করুন।

   

About

Popular Links

x