ছয় মাস আগেই দিয়েছেলেন বিয়ের জন্য দাওয়াত। আমন্ত্রিতরা আসবেন বলে নিশ্চিত জানিয়েছিলেন, সেই অনুযায়ী বিপুল টাকা খরচ করে ভেন্যু বুকিং দিয়েছেন এক অস্ট্রেলিয় তরুণী। ইতোমধ্যে সেরে ফেলেছেন সব প্রস্তুতি। কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহ আগে কয়েকজন অতিথি জানিয়েছেন তারা আসতে পারবেন না। আর তাতেই ক্ষেপে গেছেন ওই তরুণী। এমনকি যেসব অতিথিরা দাওয়াতে আসবেন না বলে জানিয়েছেন তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা ভাবছেন তিনি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে ক্ষোভ উগরে দিয়েছেন ওই তরুণী।
ওই তরুণী বলেন, “আমার বিয়ের এক সপ্তাহ বাকি, ছয় মাস আগে থেকে যেসব অতিথি আসবেন বলে আমাকে জানিয়েছিলেন, তাদের জন্য আমি থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। মোট ১২ হাজার ডলার খরচ করেছি। এখন অনেকেই বলছেন আসতে পারবেন না। হিসাব করে দেখলাম, এতে আমার এক হাজার ডলারের বেশি ক্ষতি হবে।”
তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, “আমি যদি সেই অতিথিদের কাছ থেকে ক্ষতিপূরণ চাই, তাহলে কি খুব ভাল হবে?”
এরপর নেটিজেনদের অনেকেই তাকে সমর্থন করেন। তারা মনে করেন, তার অতিথিদের সঙ্গে খোলাখুলি এ বিষয়ে কথা বলা উচিত। এক্ষেত্রে অতিথিদের একটু বেশি সতর্ক হওয়া উচিত। বিয়ের অনুষ্ঠানে যেতে না পারলে খোলাখুলি বলে দেওয়াই ভালো। তাতে আয়োজকদের অনেক টাকার সাশ্রয় হয়।
তবে নেটিজেনদের একটি অংশ আবার ওই তরুণীর ভাবনার বিপক্ষে মত দিয়েছেন। তাদের দাবি, বিয়ে করা বর-কনে দুজনের সিদ্ধান্ত। কোথায় এবং কত খরচ করে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত নেওয়া এবং দায় পুরোটাই তাদের। তাই বেশি খরচ করার ক্ষমতা না থাকলে কম টাকায় ছোট করে বিয়ে করা উচিত। অতিথিরা যেতে না পারলে সেই ক্ষতির দায় তাদের ওপর চাপানো রীতিমতো অভদ্রতা বলেও মন্তব্য করেন তারা।



