ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক-বিবাহ অনুষ্ঠানের ঝলমলে উদযাপন হয়েছে গুজরাটের জামনগরে।
এবার দ্বিতীয় প্রাক-বিবাহ উদযাপনের প্রস্তুতি চলছে বিদেশের মাটিতে। আম্বানি পরিবারে যখন সাজসাজ রব, তখনই একটি খবর সামনে এসেছে। মুকেশ-নীতার ছেলে অনন্ত আম্বানির থেকে নাকি বয়সে বড় হবু রাধিকা মার্চেন্ট। আবার আম্বানি পরিবারের বড় ছেলে আকাশ আম্বানির থেকেও নাকি বয়সে বড় তার স্ত্রী শ্লোকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, অনন্ত আম্বানির জন্ম ১৯৯৫ সালের ১০ এপ্রিল। রাধিকার জন্ম ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর। দুজনের বয়সে কয়েক মাসের ব্যবধান রয়েছে। যদিও বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনো আঁচ ফেলেনি। অনন্ত-রাধিকা বরাবরই ভালো বন্ধু।
প্রাক-বিবাহের অনুষ্ঠানে অনন্ত জানিয়েছিলেন, রাধিকাকে দেখার পর থেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। রাধিকাই এমন একজন, যিনি অনন্তের জীবনকে নতুন করে সাজিয়ে তুলেছেন। তাদের পারস্পরিক বোঝাপড়াও খুব ভালো। রাধিকাকে সব সময়ই চোখে হারান তিনি। শুধু তা-ই নয়, এত বছর প্রেমের পরেও রাধিকাকে যখন দেখেন, মনে হয় নতুন করে আবার প্রেমে পড়েছেন।
অনন্ত-রাধিকার প্রেমকাহিনী যতটা চর্চায়, ততটাই এক সময়ে ছিল আকাশ আম্বানি ও শ্লোকার প্রেম। মুকেশ ও নীতার জ্যেষ্ঠপুত্র আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা। হিরা ব্যবসায়ী রাসেল এবং মোনা মেহতার মেয়ে শ্লোকা।
২০১৯ সালে দুই পরিবারের এত দিনের ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্কে পরিণত হয়। সাতপাকে বাঁধা পড়েন আকাশ ও শ্লোকা।
জানা গেছে, শ্লোকাও নাকি বয়সে আকাশের থেকে বড়। তাদের মধ্যে বয়সের ব্যবধান প্রায় এক বছরের। আকাশ আম্বানির জন্য ১৯৯১ সালের ২৩ অক্টোবর, আর শ্লোকা জন্মেছেন ১৯৯০ সালের ১১ জুলাই।
ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু ছিলেন আকাশ এবং শ্লোকা। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেন তারা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব সম্পর্কের আকার নেয়। তার পরই গাঁটছড়া বাঁধেন তারা।
২০২০ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্লোকা। দাদু-ঠাকুরমা হয়েছেন মুকেশ-নীতা। এখন অনন্ত-রাধিকার বিয়ে নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত তারা।



