তিনিসহ জাতীয় সংসদের আরও দুইজন নারী সহকর্মীকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কুৎসিত ভাষায় দেওয়া বক্তব্যের ক্ষোভ জানিয়ে স্পিকারের কাছে বিচার চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, “আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সদস্য ওয়াজ মাহফিলে যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টি দেখবেন।”
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আপনি রুলস অব প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।”



