রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে যান জুবায়ের ও মোসাদ্দেক। সেখানে উপস্থিত হওয়ার পর তাদের উপর একাধিকবার হামলা চালানো হয়।
এ ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ছবিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ছিল বলে জানা যায়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে বলে দেখা গেলেও, তিনি সেটিকে ভুয়া দাবি করে সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় সেখানে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হন।
পরবর্তীতে রাত ৮টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ থানায় প্রবেশ করলে আগে থেকে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ওপর কিল-ঘুষি দিয়ে হামলা করা হয়।
এ সময় ঘটনাটি ভিডিও করতে গেলে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে শাহবাগ থানার একটি কক্ষে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের দৃশ্যমান উপস্থিতি ছিল না বলে জানা গেছে।



