Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যু

তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

সাবেক শিক্ষা উপমন্ত্রী এবং মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন (৬৯) মারা গেছেন।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলন বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত নাম। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৮১-৮২ মেয়াদে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতেও তিনি ছিলেন অনন্য।

১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এই সময়ে (১৯৮৬-৮৭) তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। জীবনের শেষ সময়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে মানিকগঞ্জসহ দেশজুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।  

   

About

Popular Links

x