Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মমতাজের নৌকা ছেড়ে তিন বোন উঠেছেন ‘ট্রাকে’

মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দিয়েছেন মমতাজের তিন বোন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

ক্ষমতাসীন দলের টিকেটে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদে যাওয়ার লড়াইয়ে নেমেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। তবে এবারের লড়াইয়ে তিনি পরিবারের সদস্যদেরও সঙ্গে পাচ্ছেন না। প্রতিপক্ষের হয়ে মমতাজের বিরুদ্ধে ভোটের প্রচারণায় নেমেছেন এই শিল্পীর তিন “সৎ বোন”।

মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দিয়েছেন মমতাজের তিন বোন।

গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙ্গা মার্কেটে উঠান বৈঠকে টুলুকে ফুলের মালা দিয়ে সমর্থন দেন তারা।

তারা হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। তারা মমতাজের প্রয়াত বাবা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান।

উঠান বৈঠকে মানিকগঞ্জ-২ (সিংগাইর- হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী টুলু বলেন, “তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুর্বভাকুম গ্রামবাসির পাশে থাকার অঙ্গীকার করছি।”

এতে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, মো. আমজাদ হোসেন মোল্লা, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম বক্তব্য দেন।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। পরবর্তীতে সিঙ্গাইর ও হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। এবার ক্ষমতাসীন দলের হয়ে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন জনপ্রিয় এই শিল্পী।

বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে দলীয় নেতাদের স্বতন্ত্র হয়ে ভোটের মাঠে থাকার অনুমতি দিয়েছে আওয়ামী লীগ। মানিকগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলু। তবে নৌকার হাল মমতাজের হাতেই দেয় ক্ষমতাসীন দলটি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন টুলু।

   

About

Popular Links

x