Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে হত্যার উদ্দেশ্য ছাত্রদল নেতার বাড়িতে গুলি

১০ থেকে ১২ জনের একটি দল বাড়িতে এসে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান আকন্দকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির জানালাও ভাঙচুর করা হয়।

শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সোলাইমান আকন্দ ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়িতে এসে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। একই সঙ্গে বাড়ির জানালা ভাঙচুর করা হয়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

সোলাইমান আকন্দের বাবা আব্দুর রাজ্জাক বলেন, “ফজরের নামাজ পড়তে ওঠার সময় বাইরে শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আবার গুলির শব্দ হয়। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

ছাত্রদলের কালিহাতী উপজেলা সহ-সভাপতি সোলাইমান আকন্দ বলেন, “ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যেই চার রাউন্ড গুলি করা হয়েছে।”

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x