Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া কে এই ক্যানসার বিশেষজ্ঞ

তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট জাতীয় স্থায়ী কমিটির বর্তমান সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এক সিদ্ধান্তে স্থায়ী কমিটির শূন্য চার পদে নতুন যে চারজন নেতা মনোনীত হয়েছেন, তিনি তাঁদের অন্যতম।

অন্য তিন নতুন সদস্য হলেন: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান এবং মো. ইসমাইল জবিউল্লাহ। তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট জাতীয় স্থায়ী কমিটির বর্তমান সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

মূলধারার রাজপথের দৃশ্যমান রাজনীতির বাইরে থেকে জাতীয় স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হলেও দলীয় সূত্র জানায়, পেশাগত দক্ষতা, বুদ্ধিবৃত্তিক ভূমিকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক আনুগত্যের প্রতি সম্মান জানিয়েই তাকে সর্বোচ্চ নীতি-নির্ধারণী পদে স্থান দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দেশের অন্যতম জ্যেষ্ঠ ও শীর্ষস্থানীয় ক্যানসার বিশেষজ্ঞ। তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যানসার গবেষণা, আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু ও শিক্ষাবিদ হিসেবে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

চিকিৎসা পেশাজীবীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক আহ্বায়ক এবং বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে বিএনপি পরিচালিত গবেষণামূলক প্রতিষ্ঠান 'জিয়াউর রহমান ফাউন্ডেশন'-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কার্যক্রমে সাংগঠনিক গতিশীলতা আনয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখতেই চার নেতাকে স্থায়ী কমিটির স্থায়ী সদস্য মনোনীত করা হয়েছে।

   

About

Popular Links

x