Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের সঙ্গে কোনো কথা নয়

ওবায়দুল কাদের বলেন, ‘অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে’

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কোনো কথা শোনা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিদেশিদের সঙ্গে কোনো উন্নয়ন বা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের কোনো কথা শোনা হবে না।”

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন ওঠে? আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে? আমরা কেন তাদের কথা শুনবো?”

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “জাতিসংঘ বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা মিসলিড করেছে। তারা ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে। বাংলাদেশ নিয়ে তাদের ভাবতে হবে না। এটা তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়। আমরা ভালো আছি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের সংবিধান যেভাবে বলেছে, নির্বাচন সেভাবেই হবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী শিডিউল ঘোষণা করবেন। সেটা সরকারের কাজ নয়।”

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন বন্ধ থাকবে না। দেশের গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হতেই হবে। সেখানে কোনো দল না এলে নির্বাচন হবে না, এটা ভাবা ভুল।”

বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে কোনো আলোচনা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “সরকার যা করে সব ওপেনে করে, গোপনে নয়। সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। বিএনপি এখন সন্ত্রাসী দল। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ নভেম্বর এমআরটি লাইন-৬ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধন করবেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, “এ দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে।”

তিনি আরও বলেন, “২০৩০ সাল পর্যন্ত ছয়টি লাইনের কাজের পরিকল্পনা শুরু করেছিলাম। আগামী বছর কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে।”

   

About

Popular Links

x