Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আয় কমলেও ইনুর সম্পদ বেড়েছে চার গুণ

বেতন-ভাতা থেকে তার আয় ২৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা। টিভি টকশো ও ব্যাংক সুদ থেকে পান ২ লাখ ১৬ হাজার ৭০ টাকা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর বার্ষিক আয় ৩৩ লাখ ৭৪ হাজার ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় চারগুণ। একই সময়ে ইনুপত্নী আফরোজা হক রীনার সম্পদও বেড়েছে প্রায় তিন গুণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে আবারও নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইনু। সেখানে দেওয়া হলফনামার সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনী হলফনামায় নিজেকে রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী হিসেবে উল্লেখ করেছেন হাসানুল হক ইনু। তার আয়ের বড় অংশ আসে ব্যবসা, বেতন-ভাতা, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ ও টেলিভিশন টক শো থেকে।

হলফনামার তথ্য বলছে, ইনুর ব্যবসা থেকে বার্ষিক আয় ৭ লাখ ৬২ হাজার ১৫৯ টাকা। বেতন-ভাতা থেকে তার আয় ২৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা। টিভি টকশো ও ব্যাংক সুদ থেকে পান ২ লাখ ১৬ হাজার ৭০ টাকা।

এছাড়াও অস্থাবর সম্পদের মধ্যে ইনুর নগদ অর্থের পরিমাণ ৩ কোটি ৫৬ লাখ ১৫৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইনুর জমা রয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৯২৪ টাকা। তার একটি জিপ গাড়ির দাম দেখানো হয়েছে ৪ লাখ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হাসানুল হক ইনুর বার্ষিক আয় ছিল ৩৪ লাখ ৬১ হাজার ৬২৩ টাকা। স্থাবর সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ৩০ লাখ ৫১ হাজার ১৬১ টাকা। তার স্ত্রী আফরোজা হকের সম্পদ ছিল ৭৭ লাখ ২৯ হাজার ২৩৫ টাকা। ৫ বছরের ব্যবধানে ইনুর বার্ষিক আয় কমলেও সম্পদের পরিমাণ তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ২২৯ টাকায়। তার স্ত্রীর সম্পদ তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮৫ লাখ ৫২ হাজার ২৫৮ টাকা।

ইনুর স্ত্রী আফরোজা হকের নগদ টাকার পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৮৪৩ টাকা। তার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৬ লাখ ৩৭ হাজার ২৭০ টাকা।

১৯৭৪ সালে উপহার হিসেবে ইনু ২৫ ভরি সোনা পেয়েছিলেন। একই বছরে তার স্ত্রীর ৪০ ভরি সোনা উপহার পাওয়ার কথা উল্লেখ করা হয়। আসবাবপত্রের বিবরণীতে ১ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা দেখানো হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩ বিঘা জমির দাম উল্লেখ করা হয়নি। রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট আছে। যার দাম দেখানো হয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকা।

   

About

Popular Links

x