Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদেরকে ‘অব্যাহতি’ দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান রওশন এরশাদ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে জাতীয় পার্টিতে। এর মধ্যেই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

একইসঙ্গে মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান রওশন এরশাদ।

রবিবার (২৮ জানুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে নিজ বাসভবনে জিএম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে সভায় এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ।

দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দিয়েছেন বলেও উল্লেখ করেন রওশন এরশাদ।

এ সময় রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, “নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।”

 তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদপুত্র ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদ।

   

About

Popular Links

x