আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, “শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ যুদ্ধও করেছেন। যে কাজটি তাদের (আওয়ামী লীগ নেতাদের) করার কথা ছিল সেটি জিয়াউর রহমান করেছেন।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত গণদোয়া কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
এতে ঢাকা দক্ষিণ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
তারা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন।
মির্জা আব্বাস বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের স্বল্প মেয়াদে দেশকে তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে তুলে এনেছিলেন।”
তিনি বলেন, “এই সরকার বাংলাদেশকে আবার তলাবিহীন করে দিয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেন, “মানুষ এমনিতেই কষ্টে আছে। এরমধ্যে সরকার আবারও তেলের দাম বাড়িয়েছে। এই কারণে আবারও সবকিছুর দাম বাড়বে। কেন দেশের এই করুণ দশা? এরা লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। দূর্নীতির মাধ্যমে পুরো দেশকে অকার্যকর করে তুলছে।”
“জ্বালানি তেলের দাম বাড়ায় দ্রব্যমূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করেন বিএনপি নেতা। বিদ্যুৎ ও জ্বালানির দাম যখন বাড়ে, তখন তা মানুষের জীবন ও জীবিকাকে খারাপভাবে প্রভাবিত করে,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “ক্ষমতাসীন দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলেছে। আমরা শুনতাম বর্গীরা দেশে আসত এবং লুটপাট ও সম্পদ নিয়ে পালিয়ে যেত। এখন নতুন বর্গীরা ক্ষমতায়। তারা লুটপাট করে দেশ ছাড়ে না কারণ তারা দেশের সম্পদ ও অর্থ দেশের বাইরে পাচার করে।”



