Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবি ছাত্রদলের অচলায়তনের অবসান, নেতৃত্বে বাবর-অনীক

আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

দীর্ঘ আট বছর পর নতুন কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের দেখা দিয়েছে। তরুণদের উদ্যম এবং অভিজ্ঞদের পরামর্শের সমন্বয়ে নতুন কমিটি কীভাবে সংগঠনকে গতিশীল করবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

দীর্ঘ অচলায়তনের অবসান

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০০৮,২০১১ ও ২০১৬ সালে কমিটি হয়েছে যথাক্রমে  ৩১,৩৩, ৩৭ ব্যাচ থেকে। ২০০৮ সালের ঘোষিত কমিটির আহ্বায়ক সামসুজ্জোহা পারভেজ ৩১ ব্যাচ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ৩১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১১ সালের কমিটির সভাপতি জাকিরুল ইসলাম ৩৩ ব্যাচ, সাধারণ সম্পাদক আবু সাইদ ভুঁইয়া ৩৩ ব্যাচের শিক্ষার্থী। ২০১৬ সালের কমিটির সভাপতি সোহেল রানা ৩৭ ব্যাচ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত ৩৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ ২০১৬ সালের কমিটির পর আর কোনো কমিটি পায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দীর্ঘসময় ধরে নেতৃত্ব শূন্যতায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। কয়েকটি উপদলে বিভক্ত নেতা-কর্মীরা নতুন কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।

তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি দাবি

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে সব থেকে বেশি সক্রিয় তরুণরা। তবে অভিজ্ঞদের দাবি, সংগঠনকে শক্তিশালী করতে তাদের অভিজ্ঞতাও সমান জরুরি। শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা বলেন, “অভিজ্ঞতা এবং তারুণ্যের উদ্যম একসঙ্গে থাকলে সংগঠন আরও শক্তিশালী হবে।”

বিশ্ববিদ্যালয়ের ৪৬ থেকে ৫১ ব্যাচের তরুণ নেতা-কর্মীরা মনে করেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ছাত্রদলকে নতুন প্রেরণা দিতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, “তরুণদের চিন্তা ও উদ্ভাবনী শক্তি সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

শাখা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের নেতৃত্বে সংগঠনকে সুসংগঠিত করা সম্ভব। অভিজ্ঞরা তরুণদের সহযোগিতা করলে এটি সুন্দরভাবে সমাধান সম্ভব।

তবে পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী একাধিক শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই না ছাত্রদলে অছাত্রদের আগমন ঘটুক। নতুন নেতৃত্বই পারে স্মার্টভাবে সংগঠনকে গতিশীল করতে। তারুণ্যের শক্তিকে মূল্যায়ন করা হবে এটাই প্রত্যাশা। আমাদের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে  ছাত্রদল বর্তমান ছাত্রদের সমন্বয়ে কমিটি দেবে এটাই চাই।”

আহ্বায়ক কমিটির নেতৃত্বে বাবর - অনীক

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

১৭৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনাব তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো ইনশাআল্লাহ।”

নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির প্রত্যাশা চ্যালেঞ্জ

নেতা-কর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। সংগঠনকে শক্তিশালী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে।

তবে চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘ অচলায়তন এবং বিভাজনের কারণে নতুন নেতৃত্বের উপর দায়িত্ব অনেক। সংগঠনের এক সাবেক নেতা বলেন, “যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের মূল্যায়ন করলে সংগঠন আরও শক্তিশালী হবে।”

নেতাকর্মীরা জানান, জাবি ছাত্রদলের নবগঠিত কমিটির মূল লক্ষ্য হবে সংগঠনকে ঐক্যবদ্ধ করা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। তরুণদের উদ্দীপনা ও অভিজ্ঞদের পরামর্শে এটি একটি উদাহরণ সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ কর্মীদের।

শাখা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা অন্তত পাঁচ থেকে ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন। প্রত্যেক গ্রুপের নেতাকর্মীরা আলাদাভাবে শাখা কমিটির সাবেক নেতাদের অনুসারী বলে নিজেদের পরিচয় দিয়ে থাকেন।

সার্বিক বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য।

   

About

Popular Links

x