বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, “আজ ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অতীতে বিএনপি নেতৃত্বাধীন সরকারে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্ম সংস্থান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
এক সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল্লাহ আল নোমানের জন্ম চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে।



ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প