Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা আব্বাস: মনে হচ্ছে দেশে ঔপনিবেশিক শাসন চলছে

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার

আপডেট : ১২ মে ২০২৫, ০৪:৫৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে ঔপনিবেশিক শাসন চলছে মনে হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, “শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল–মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কীভাবে?’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মিছিল-সমাবেশের প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, “কোন দাবিতে মিছিল–মিটিং করল? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কী ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপির নেতা–কর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “হামিদ সাহেব চলে গেল। কত সুন্দর ভিআইপি দিয়ে গেল। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেল। ভাই, লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক, ভিআইপিতে ঢোকে কীভাবে? এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। আমার খুব সন্দেহ হচ্ছে, আরও জানি কী কী হচ্ছে।”

বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডর দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, “একমাত্র নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কী করবে।”

মির্জা আব্বাস আরও বলেন, “আমার মনে হয়, আমরা দেশীয় শাসনে নাই। আমরা ঔপনিবেশিক শোষণের মধ্যে আছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। কেন আমরা সাজেক যেতে পারব না? কেন আমরা বাঘাইছড়ি যেতে পারব না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। এসব নিয়ে এনসিপি কেন কথা বলছে না?”

দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে বলেও মন্তব্য করেন তিনি।

সচিবালয়ে আওয়ামী সুবিধাভোগীরা এখনো সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা–কর্মীরা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান।

   

About

Popular Links

x