Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রাবাদা

ম্যাচ শুরুর এক ঘন্টা আগে রাবাদার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

গোড়ালির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

৩০ বছর বয়সী রাবাদাকে সোমবার স্ক্যানের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই রিপোর্টেই গোড়ালির গুরুতর চোট ধরা পড়ে তার। এই অবস্থায় এখন অস্ট্রেলিয়াতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন রাবাদা। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি।

কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচ শুরুর এক ঘন্টা আগে রাবাদার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তারা জানায়, অস্ট্রেলিয়াতে থেকেই দক্ষিণ আফ্রিকার মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন রাবাদা।

রাবাদা না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাবেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও কিউনা মাফাকা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন কর্বিন বশ ও ওয়াইন মুল্ডার। স্পিন বিভাগে থাকছেন কেশব মহারাজ, প্রেনেলান সুব্রায়েন ও সেনুরান মুথুসামি।

দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

   

About

Popular Links

x