বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে থাকবেন কি না। লাখো ফুটবল ভক্তের মনে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের চূড়ান্ত উত্তর জানা যাবে আজই।
সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর বিখ্যাত ‘‘মিউজিয়াম অব টমোরো’’ তে স্থানীয় সময় বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গুরুতর চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলের এই পোস্টার বয়কে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি মাঠে ফিরলেও তার ফিটনেস নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, নেইমার পুরোপুরি ফিট হতে পারলেই এবং মাঠে ভালো পারফর্ম করতে পারলেই কেবল তাকে বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হবে।
রবিবার (১৭ মে) সান্তোসের হয়ে একটি ম্যাচ খেলার পর গণমাধ্যমের মুখোমুখি হন নেইমার। বিশ্বকাপ দলে থাকা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি দলে থাকার যোগ্য কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত কোচ আনচেলত্তিই নেবেন। আমি দলে ফেরার জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি শেষ পর্যন্ত নির্বাচিত নাও হই, তাহলেও একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জয় আর সাফল্যের জন্য গ্যালারি থেকে গলা ফাটাব।”
এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের নীরবতা ভেঙেছেন ব্রাজিলিয়ান ডাগআউটের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তিনি নেইমারের বর্তমান ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ইঙ্গিত দিয়েছেন যে, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে নেইমারকে দেখা যেতে পারে।
আনচেলত্তি নেইমারের দলের ভেতরের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, “আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ ফুটবলপ্রেমীদের কাছেই নয়, দলের ভেতর অন্য খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের সামগ্রিক পরিবেশের ওপর তার উপস্থিতি কী ধরণের প্রভাব ফেলবে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয় একজন খেলোয়াড়।”
এখন ফুটবল বিশ্বের সব চোখ রিও ডি জেনেইরোর দিকে, যেখানে কয়েক ঘণ্টা পরেই উন্মোচিত হতে যাচ্ছে হেক্সা মিশনের জন্য ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড।



