Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পেলেন বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত রেফারি ওমর আরতান

ভিসা থাকা সত্ত্বেও প্রবেশের অনুমতি না পাওয়ায় ওমরকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে সরিয়ে দিয়েছে ফিফা 

আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:০৬ পিএম

ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য সোমালিয়ার রেফারি ওমর আরতান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওমরকে প্রবেশের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধ এবং বিশ্বকাপে তার সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার পর সোমালিয়ার রেফারি ওমর আরতানকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে সরিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আরতানকে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি না পাওয়ায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা ও দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন না।”

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র ইমেইল বার্তায় জানান, ওমরকে ভেটিং-সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।'

এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ওমরের যুক্তরাষ্ট্রে আগমন ইঙ্গিত দেয়, তার কাছে ভ্রমণের আগে বৈধ ভিসা ছিল।

এদিকে সোমালিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত। ট্রাম্প অতীতেও দেশটি ও তার জনগণকে নিয়ে একাধিকবার কটূক্তি করেছেন। গত বছরের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি অভিবাসীদের আবর্জনা বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

চলতি জুন-জুলাই মাসে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ফিফা যে ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছিল, আরতান তাদের মধ্যে একজন।

২০১৮ সালে ফিফা রেফারি হওয়ার পর থেকে তিনি নিয়মিত সোমালিয়ার ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনা করছেন। তিনি ২০২৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসেও ম্যাচ পরিচালনা করেছিলেন। এ ছাড়া ২০২৫ সালে আফ্রিকার ফুটবল সংস্থা তাকে বছরের সেরা পুরুষ রেফারি হিসেবে পুরস্কৃত করে।

প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার ইতিহাস গড়ার পর, গত এপ্রিলে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ আরতানের দারুণ প্রশংসা করেছিলেন।

   

About

Popular Links

x