Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছেলের জোড়া গোলে গ্যালারিতে বসে কাঁদলেন কুনিয়ার মা

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষেও একাদশে জায়গা হয়নি তার

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:০২ এএম

২০২২ কাতার বিশ্বকাপের আগে তৎকালীন কোচ তিতের সময়ে ব্রাজিল দলের নিয়মিত মুখ ছিলেন মাতেউস কুনিয়া। বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পাওয়ার জোর সম্ভাবনা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত দল থেকে বাদ পড়ে ভেঙে যায় তার বিশ্বকাপ খেলার স্বপ্ন। সেই আঘাত কাটিয়ে ফের জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ও কঠিন পথ।

চার বছর পর ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আবারও সুযোগ আসে কুনিয়ার সামনে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি তার। কোচ কার্লো আনচেলত্তি আক্রমণভাগে ভরসা রেখেছিলেন ইগর থিয়াগোর ওপর। কিন্তু হাইতির বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জোরালো প্রমাণ দেন কুনিয়া। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তিনি শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, জানিয়ে দিয়েছেন ব্রাজিলের নতুন “নাম্বার নাইন” হিসেবে তিনিও প্রস্তুত।

ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে করা দুটি গোল ছিল বিশ্বকাপের মঞ্চে কুনিয়ার প্রথম গোল। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে গ্যালারিতে বসে আবেগ সামলাতে পারেননি তার মা লুজিয়ানা কুনিয়া। ছেলের সংগ্রাম, প্রত্যাখ্যানের বেদনা এবং অবশেষে বিশ্বকাপের আলোয় ফিরে আসার গল্প যেন একসঙ্গে ভেসে উঠেছিল তার চোখের জলে। গ্যালারিতে ধরা পড়া সেই আবেগঘন দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, ছুঁয়ে যায় অসংখ্য ফুটবলপ্রেমীর হৃদয়।

   

About

Popular Links

x