Tuesday, June 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেইমারকে না খেলানোর কারণ জানালেন কোচ আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেছিলেন নেইমার

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:৫২ এএম

শেষ মুহূর্তের নাটকীয়তায় জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে রোমাঞ্চকর এই ম্যাচে ১০০ মিনিট খেলা হলেও এক মিনিটের জন্যও মাঠে নামেননি দলের তারকা ফুটবলার নেইমার। ম্যাচ শেষে তাকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

চোট কাটিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেছিলেন নেইমার। তাই জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তাকে মাঠে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছিল। ডাগআউটের পাশে ওয়ার্ম-আপও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি আনচেলত্তি।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘আমি মূলত অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই নেইমারকে প্রস্তুত রেখেছিলাম। তাকে আগেই জানিয়েছিলাম, যদি আমরা সমতায় ফিরতে না পারি, তাহলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে তাকে মাঠে নামানো হবে। কিন্তু ৫৬ মিনিটেই আমরা গোল করে সমতায় ফিরি। এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। তাই দলের ছন্দ নষ্ট করতে চাইনি।”

জয়ের আনন্দের মাঝেও ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কাসেমিরো ও লুকাস পাকেতার চোট। ম্যাচ চলাকালেই দুজনকে মাঠ ছাড়তে হয়। তাদের অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, “আগামীকাল তাদের চোটের বিস্তারিত পরীক্ষা করা হবে। জাপান খুবই সুসংগঠিত একটি দল। তাদের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না।”

তবে স্কোয়াডের গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। তিনি বলেন, “আমাদের বেঞ্চ এবং মূল একাদশ দুই জায়গাতেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো, সবাই ভালো ছন্দে আছে এবং দল হিসেবে একসঙ্গে খেলছে।”

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট আনচেলত্তি। তার মতে, জয়টি পুরোপুরি ব্রাজিলের প্রাপ্য ছিল।

তিনি বলেন, “আমরা দারুণ ফুটবল খেলেছি এবং এই জয় আমাদের প্রাপ্য ছিল। কিছু ভালো সুযোগ নষ্ট করেছি, কিন্তু দল কখনো ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও আমরা ভালো খেলেছি। উইং দিয়ে আক্রমণ করার পরিকল্পনাই শেষ পর্যন্ত আমাদের সাফল্য এনে দিয়েছে।”

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল।

   

About

Popular Links

x