২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ জমে উঠেছে শুরু থেকেই। নকআউটের দ্বিতীয় দিনেই বিদায় নিয়েছে দুই ইউরোপীয় পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে, আর নেদারল্যান্ডসকে বিদায় করেছে মরক্কো। অন্যদিকে জাপানকে কষ্টার্জিত জয়ে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল।
মঙ্গলবারের (৩০ জুন) সূচিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের সবচেয়ে আলোচিত লড়াইয়ে শিরোপাপ্রত্যাশী ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। এছাড়া আর্লিং হালান্ডের নরওয়ে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে এবং স্বাগতিক মেক্সিকো লড়বে ইকুয়েডরের বিরুদ্ধে।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্সের আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পে তিন ম্যাচে চার গোল করে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন। সদ্য ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও আছেন দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি নিজের ভয়ংকর রূপের প্রমাণ দিয়েছেন।
এমবাপে ও দেম্বেলের সঙ্গে মাইকেল অলিসের গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক ফুটবল ফ্রান্সকে আরও ভয়ংকর করে তুলেছে। শক্তিশালী ফরোয়ার্ড লাইন ও সৃজনশীল মাঝমাঠের সমন্বয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দিদিয়ের দেশমের দল।
তবে ফরাসিদের রক্ষণভাগ নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই গেছে। সেই দুর্বলতাকে কাজে লাগানোর আশা করছে সুইডেন। যদিও দলের প্রধান দুই তারকা আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেননি।
ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, "সুইডেন টিকে থাকার জন্যই খেলবে। তারা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের বিনয়ী থাকতে হবে এবং পুরো ম্যাচে মনোযোগ ধরে রাখতে হবে। গ্রুপ পর্বে ভুল শুধরে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু নকআউটে দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই।"
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল। এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে সুইডেনের বিশ্বকাপ যাত্রা ছিল বেশ নাটকীয়। ইউরোপিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপের তলানিতে থাকলেও উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের সুবাদে প্লে-অফে জায়গা পায় তারা। মূল পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারলেও সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে রাউন্ড অব-৩২-এ জায়গা নিশ্চিত করে।
সুইডেন কোচ গ্রাহাম পটার জানেন, ফ্রান্সকে হারাতে হলে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে।
তার ভাষায়, "ফ্রান্সের প্রতিটি পজিশনেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তারা বিশ্বকাপজয়ী দল, আর তাদের কোচও অসাধারণ। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জিততে হলে জীবনের অন্যতম সেরা ম্যাচ খেলতে হবে।"



