বিশ্বকাপের শেষ ষোলোতে জমে উঠতে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে লড়াই। কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও অতীতের পরিসংখ্যান সেলেসাওদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। কারণ, আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি ব্রাজিল।
গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারের পর নকআউটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। এবার তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নরওয়ের পক্ষেই কথা বলে। চারবারের সাক্ষাতে দুটি জয় পেয়েছে ইউরোপের দলটি, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে একাধিক ম্যাচ খেলে কখনো না হারার বিরল রেকর্ডটি এখনো ধরে রেখেছে নরওয়ে।
১৯৮৮ সালে প্রথমবার প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচ ১-১ গোলে শেষ হয়। এরপর ১৯৯৭ সালে আবারও প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় নরওয়ে।
এক বছর পর ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ব্রাজিল এগিয়ে গেলেও তরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে জয় পায় নরওয়ে। এরপর ২০০৬ সালে সবশেষ প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে দুই দল।
প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে তাদের। তবে এবার গ্রুপ পর্ব নয়, নকআউটের লড়াই। ফলে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান।
চলতি আসরে নরওয়ে এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় পেয়েছে। ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর ফ্রান্সের কাছে হারলেও আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডের দল।
অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপ শুরু করে মরক্কোর সঙ্গে ড্র দিয়ে। এরপর স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে নকআউটে ওঠে তারা। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।



হেক্সা মিশন সফল করতে যেসব দলকে ‘হারাবে’ ব্রাজিল