Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাতের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই এমন দাবি নিয়ে নানা আলোচনা চলে আসছে

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

আর্জেন্টিনা দলকে ফিফা বিশেষ সুবিধা দেয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই এমন দাবি নিয়ে নানা আলোচনা চলে আসছে। চলমান ফুটবল বিশ্বকাপেও বিষয়টি উঠে আসে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে। তবে এ ধরনের গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ফিফার কথিত পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করেন স্কালোনিকে।

জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনায় তারা কোনো গুরুত্ব দেন না।’’

স্কালোনির ভাষায়, ‘‌‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা না পড়লেই হয়। ওগুলো না দেখলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’’

তিনি বলেন, ‘‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যেকোনো ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশ করতে পারে, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসব গুঞ্জনকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।’’

স্কালোনি বলেন, ‘‘আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে সেটিকে বড় ইস্যু বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়ে আমাদের একদমই গুরুত্ব দেওয়া উচিত নয়।’’

তিনি আরও বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও আছে। অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।’’

আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘‘দুর্ভাগ্যজনকভাবে কেউ আজেবাজে কিছু পোস্ট করলেই তা এক সেকেন্ডের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। আমরা এসবের দিকে একদমই কান দিই না।’’

বিশ্বকাপের নকআউট পর্বে বাংলাদেশ সময় শনিবার ভোরে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির আগে দলকে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্কালোনি।

   

About

Popular Links

x