Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মেসিকে আবারও বিশ্বকাপ জেতাতে সবকিছুই করবো’

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আলভারেজ এসব কথা বলেন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আর্জেন্টিনার লক্ষ্য এখন টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা। আর সেই মিশনে দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা অধিনায়ক লিওনেল মেসি বলে জানিয়েছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলভারেজ। ১-১ সমতায় থাকা ম্যাচের ১১২তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে লাউতারো মার্তিনেজের আরেক গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আলভারেজ বলেন, ‌‘‘লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব। তার জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে যুদ্ধের মতো। সে গোল করলে আমার প্রথম কাজই তাকে জড়িয়ে ধরা।’’

নিজের গোল প্রসঙ্গে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘‘গোল করার পর স্বস্তি পেয়েছি। পরিসংখ্যান আমাদের পক্ষে থাকলেও ম্যাচটি সহজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। তবে আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি এবং চাপ সামলে জয় নিয়েই মাঠ ছেড়েছি।’’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনা ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে হলে এখন তাদের জিততে হবে আরও দুটি ম্যাচ।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে আলবিসেলেস্তেরা।

   

About

Popular Links

x