Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সম্বল ১২৪

স্বাগতিকদের পক্ষে শামীম হোসেন সর্বোচ্চ ৫১ রান করেন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৯ পিএম

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল ইংল্যান্ডের পর আইরিশদেরও ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যে টাইগারদের শুরুটা ভালো হয়নি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে শামীম হোসেন সর্বোচ্চ ৫১ রান করেন।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। আগের ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। বাদ পড়েন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, একাদশে ঢুকেন শরিফুল ইসলাম এবং অভিষিক্ত রিশাদ হোসেন।

প্রথম বলে চার মেরে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন লিটন দাস। ইনিংসের প্রথম ওভারে ৯ রান আসার পর মনে হচ্ছিল আগের দুই ম্যাচের মতো দুর্দান্ত ব্যাটিং করবে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের বলে ডিপ পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ক্যাচ তুলে দেন ৪ বল খেলে ৫ রান করা লিটন।

লিটনের বিদায়ের পর বাংলাদেশের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। তৃতীয় ওভারে ডিপ মিড উইকেটে কার্টিস ক্যাম্ফারের হাতে ধরা পড়েন ৪ রান করা নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে ক্যাম্ফারের বলে অ্যাডায়ারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ১৪ রান করা ওপেনার রনি তালুকদার।

দলীয় ২৪ রানে ৩ উইকেট পড়লে তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। কিন্তু ষষ্ঠ ওভারে অ্যাডায়ারের বলে মিড উইকেট সীমানার কাছে বেন হোয়াইটের হাতে ক্যাচ হন ৬ বলে ৬ রান করা সাকিব। পরের ওভারে বেন হোয়াইটের বলে টেক্টরের হাতে ক্যাচ তুলে ১২ রান করা হৃদয় ফিরে যান।

অভিষেকে ব্যাট হাতে রিশাদ হোসেন রানের খাতা খোলেন ছক্কা মেরে। তবে দশম ওভারে আইরিশদের পক্ষে অভিষিক্ত ম্যাট হামফ্রেসের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ৭ বলে ৮ রান করেন রিশাদ। দুই বল পর তাকে অনুসরণ করেন তাসকিন আহমেদ। হামফ্রেসের বলে ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

৬১ রানে ৭ উইকেট হারানোর পর নাসুম আহমেদ ও শামীম হোসেন মিলে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন। অষ্টম উইকেটে দুজন মিলে ৩৩ রান তোলে টাইগারদের সম্মানজনক সংগ্রহের স্বপ্ন দেখান। তবে দলীয় ৯৪ রানে ভেঙে যায় তাদের জুটি। গ্যারেথ ডিলানির বলে পল স্টার্লিংয়ের ক্যাচ হয়ে আউট হন ১৩ রান করা নাসুম।

নাসুম বিদায় নিলেও এক প্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন শামীম। শামীমের ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের ওপর ভর করেই বাংলাদেশের স্কোর তিন অঙ্কে পৌঁছায়। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ফিওন হ্যান্ডের শিকার হওয়ার আগে ৪২ বলে ৫ চার ও ২ ছয়ে ৫১ রান করেন শামীম। 

   

About

Popular Links

x