জার্মানি জাতীয় ফুটবল দলের কোচ হয়েছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যান। সম্প্রতি বরখাস্ত কোচ হ্যান্সি ফ্লিকের জায়গায় তাকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।
২০২৪ সালের জুলাই পর্যন্ত নাগেলসমানের সঙ্গে চুক্তি করেছে জার্মান ফুটবল ফেডারেশন। আগামী বছর ইউরো পর্যন্ত জার্মানদের সঙ্গে থাকবেন তিনি।
এরপর তার অধীনে দলের সাফল্যের উপরই হয়তো নির্ভর করেছে ৩৬ বছর বয়সী এই কোচের ভাগ্য।
জার্মানির কোচ হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, “দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আমাদের। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আমার আছে।”
জার্মানির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বার্নড নয়্যানডর্ফ নাগেলসম্যানকে কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি। জার্মান ফুটবলের সর্বোচ্চ কর্তা বলেন, “নাগলসমান অসাধারণ একজন কোচ।”
এ মাসের শুরুতে প্রথম জার্মান কোচ হিসেবে বরখাস্ত হন ফ্লিক।
তার অধীনে ১৭ ম্যাচের মাত্র ৪টিতে জিততে পেরেছে দল। এ মাসের শুরুর দিকে জার্মানির জাপানের কাছে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হেরে যাওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশন বরখাস্ত করে ফ্লিককে। তার অধীনে সবশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা।
খেলোয়াড়ি ক্যারিয়ার শুরুর পর মাত্র ১৯ বছর বয়সেই ইনজুরিতে মাঠের খেলা শেষ হয় নাগেলসম্যানের। মাত্র ২০ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০১০ সালে তিনি হফেনহেইমের একাডেমি কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন।
২০১৬ সালে হফেনহেইমের হেড কোচ হন। তিন বছর দলটির ডাগ আউটে দাঁড়ানোর পর আরবি লাইপজিগে দায়িত্ব পালন করেন দুই মৌসুম। ওই সময়ই তিনি তার ফুটবল মেধার প্রমাণ দেন। ইউরোপে দারুণ ফুটবল খেলে লাইপজিগ। যে কারণে বায়ার্ন মিউনিখের পর ৩৬ বছর বয়সেই জার্মানির হেড কোচের দায়িত্ব পেলেন নাগেলসম্যান।
আগামী অক্টোবরে শুরু হচ্ছে নাগেলসম্যানের পরীক্ষা। আমেরিকা সফরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।



