চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইউরোপের অন্যতম সফল দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের লড়াইকে ঘিরে ম্যাচের আগে থেকেই ফুটবলের ধ্রুপদী উত্তেজনা ছিল চরমে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় সেই ধ্রুপদী উত্তেজনা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। তবে হাইভোল্টেজ ম্যাচটিতে কেউই জিততে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। ফলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে দ্বিতীয় লেগে। আগামী ৮ মে বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করেছিল স্বাগতিক বায়ার্ন। কিন্তু গোলের দেখা মিলছিল না। ম্যাচের প্রথম ২১ মিনিটে রিয়ালের পোস্ট লক্ষ্য করে ৬টি শট নেয় বায়ার্ন, যার দুটিই ছিল লক্ষ্যে। এর মধ্যে ওয়ান অন ওয়ানে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সানে। এছাড়া কেইন-জামাল মুসিয়ালাদের তৈরি করা আরও কিছু আক্রমণ নষ্ট হয় কাছাকাছি গিয়ে।
বিপরীতে রিয়াল ছিল বাক্সবন্দী। তবে ম্যাচের ২৪ মিনিটে গোল করার আসল কাজটি ঠিকই সেরে ফেলে দলটি। টনি ক্রুসের থ্রু বল ধরে বক্সের কাছে দৌড়াতে থাকা ভিনিসিয়াস জুনিয়র ডান পায়ের শটে বায়ার্ন গোলকিপারকে পরাস্ত করে প্রথম গোলটি করেন।
প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ এসেছিল বায়ার্নেরও। সরাসরি ফ্রি কিক থেকে হ্যারি কেইন শট নিলেও বাম প্রান্ত দিয়ে সেটি চলে যায় লক্ষ্যের বাইরে।
তবে বিরতির পর ম্যাচের দৃশ্যপট দ্রুত বদলে যায়। চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। ৫৩ মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান লেরয় সানে। তাকে অ্যাসিস্ট করেছিলেন কোনরাড লাইমার। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়েও যায় তারা। স্পট কিকটি নেন হ্যারি কেইন।
এরপর ৮৩ মিনিটে পেনাল্টি পেয়ে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস।



