Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের কাছে ১০ উইকেটে পাকিস্তানের পরাজয়ে যা বললেন ইমরান খান

আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের বড় হারের পর সমালোচনারি মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এবার চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান।

মঙ্গলবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম “এক্স”–এ ইমরান খানের ভেরিফায়েড হ্যান্ডল থেকে সমালোচনা করে আজ এই পোস্ট করা হয়। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম?”

বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান। সেখান থেকে সংবাদমাধ্যমের সঙ্গে এর আগেও আলাপচারিতায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইমরান খান।

মঙ্গলবার ইমরান খানের এক্স হ্যান্ডল থেকে বড় একটি পোস্ট করা হয়, যা দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে বিবৃতির শুরুতে বলা হয়, “আদিয়ালা জেল থেকে (রাজনৈতিক দল) তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা।”

এই পোস্টের দ্বিতীয় অংশের বিবৃতিটি ক্রিকেট নিয়ে দুটি অনুচ্ছেদ রয়েছে। সেখানে লেখা হয়েছে, “ক্রিকেটই একমাত্র খেলা, যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে। কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।”

এরপর লেখা হয়েছে, “আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। আর গতকাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন তলানি। আড়াই বছর আগেও এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।”

পোস্টের প্রথম অনুচ্ছেদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির তুমুল সমালোচনা করে লেখা হয়েছে, “দুবাইয়ে স্ত্রীর নামে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। তার যোগ্যতা কী? তার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কেপি ও বেলুচিস্তানে প্রতিদিনই লোক শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশের লক্ষ্য পিটিআই, এই সুযোগে চোর–ডাকাতেরা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা পুলিশ কর্মকর্তাদের অপহরণ করছে, হত্যাও করছে। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে মহসিন নাকভির বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো)।”

উল্লেখ্য, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নাকভি। গত ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরের মাসে পাকিস্তানের স্বরাস্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন ৪৫ বছর বয়সী এই রাজনীতিবিদ।

   

About

Popular Links

x