বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলার প্রত্যয় ব্যক্ত করেন গত বছরের জুন মাসে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পাসপোর্ট আবেদন করেছিলেন তিনি। মাসখানেক আগেই লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট আসে। কিন্তু লন্ডনের লেস্টার সিটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে পাসপোর্ট নিতে একটু বিলম্ব হয় তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল হামজার বাংলাদেশি পাসপোর্ট করানো। এ জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনুমতিও চেয়েছিল বাফুফে। এর কিছু দিন পরেই বাফুফেকে ইংল্যান্ড সেই অনুমতি পত্র দেয়।
মঙ্গলবার (১ অক্টোবর) ফিফা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজাকে নিয়ে পোস্ট দেন। পোস্টের ক্যাপশনে ফিফা লিখে, “নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।”
হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর জন্য বাফুফেকে ফিফার স্ট্যাটাস প্লেয়ার কমিটির নিকট আবেদন করতে হবে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেন বার্টন অ্যালবিয়নে। সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন তিনি। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।



