টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল। এবার নাদাল যুগের শেষ হতে যাচ্ছে বিশ্ব। চলতি মৌসুম শেষ করে অবসরে যাবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ডেভিস কাপে শেষবারের মতো টেনিস কোর্টে দেখা যাবে ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকাকে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী নাদাল। নিজের সীমাবদ্ধতার কারণে খেলা ছাড়ছেন বলে জানিয়েছেন ২য় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী।
ভিডিও বার্তায় নাদাল বলেন, “পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিতে আমি উপস্থিত হয়েছি। এটা বাস্তবতা সাম্প্রতিক বছরগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে শেষ ২ বছর। আমি মনে করি না নিজের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠে আর খেলতে পারব।”
গত ২ মৌসুমে ইনজুরির কারণে বেশ ভুগতে হয়েছে নাদালকে। এই সময়ে খুব একটা কোর্টেও নামতে পারেননি তিনি। গত বছরের শেষদিকেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরের শেষদিকে অবসরের ঘোষণা দিতে পারেন। অবশেষে সেটাই হলো।
টেনিসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যান্ড স্লামের ২য় সর্বোচ্চ বিজয়ী হিসেবে অবসরে যাচ্ছেন নাদাল। পুরো ক্যারিয়ার জুড়ে ২২ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন এই কিংবদন্তি। তার সামনে আছেন কেবল সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ।
ফরাসি ওপেনে সর্বোচ্চ ১৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। রোলা গাঁরো খ্যাত এই টুর্নামেন্টে ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতে জয়ের রেকর্ড আছে তার। এছাড়া ইউএস ওপেনে ৪ বার, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে ২ বার করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্প্যানিশ মহাতারকা।
অলিম্পিক গেমসে সিঙ্গেলস এবং ডাবলস ২ বিভাগেই স্বর্ণ জিতেছেন নাদাল। ডেভিস কাপেও স্পেনকে ৫ বার জিতিয়েছেন শিরোপা। ক্যারিয়ারে সবমিলিয়ে নাদালের শিরোপা ৯২টি। দীর্ঘ সময় ছিলেন র্যাংকিংয়েরও শীর্ষে।



