Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

শেষ টি-টোয়েন্টিতে ১০৯ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০৯ রানে অলআউট হয়ে যায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান রক্ষার লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারালো বাংলাদেশ। ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। লিটন ও ইমনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ইমন ২১ বলে ৩৯ রান করেন। ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেটে ৫৪ রান তোলে। ইনিংসের শেষের দিকে ব্যাট করতে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়ে ৩ চার ও ৬ ছক্কায় ৪১ বলে অপরাজিত ৭২ রান করেন জাকের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, ইমন ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামিম ২, সাকিব ১৭)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯/১০ (কিং ০, চার্লস ২৩, জাস্টিন ৬, পুরান ১৫, রস্টন ০, পাওয়েল ২, সেপইয়ার্ড ৩৩, মটিই ১২, জোসেফ ১, ওবেই ৪, সিলস ৪*)

   

About

Popular Links

x