Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জয়ে ফিরে বার্সেলোনাকে ধরল রিয়াল মাদ্রিদ

অবশেষে ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে সক্ষম হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

ফেব্রুয়ারি পড়তেই লা লিগায় যেন জিততে ভুলেই গিয়েছিল অন্যান্য লিগে দারুণ পারফর্ম করে চলা রিয়াল মাদ্রিদ। তবে তিন ম্যাচ পর অবশেষে ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে সক্ষম হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বের্নাবেউতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদ জায়ান্টরা।

নিষেধাজ্ঞায় পড়া বেলিংহ্যামকে ছাড়াই এদিন খেলতে নামলেও দুর্দান্ত পারফর‌ম্যান্স উপহার দিয়ে লিগে ফের প্রতিদ্বন্দ্বিতায় ফেরার ইঙ্গিত দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪১তম মিনিটে লুকা মদ্রিচের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কয়েকবার চেষ্টা করেও এই ম্যাচে জালের দেখা পাননি নতুন বছরে উড়তে থাকা কিলিয়ান এমবাপ্পে।

এর আগে, এ মাসের শুরুতে এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদ ও ওসাসুনার সঙ্গে ড্র করে দলটি। তবে লিগে এমন হতাশাজনক ফলের মাঝে অন্যান্য প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে সবগুলোতেই জেতে তারা। এবার ঘরোয়া লিগেও পেল জয়ের স্বাদ।

২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফিরল আনচেলত্তির দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

গতকাল ভালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া লাস পালমাসের মাঠে ২-০ গোলে জেতে বার্সেলোনা।

   

About

Popular Links

x