Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় স্টেডিয়ামে হামজার ‘অভিষেক’ প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এর পর থেকেই ঘরের মাঠে তার অভিষেক নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাওয়া মতে, জাতীয় স্টেডিয়ামেই হবে হামজার অভিষেক।

ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের কতটা আবেগ- তা দেখা যায় বিশ্বকাপের সময়। নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও পৃথিবীর আরেক প্রান্তের ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নিয়ে ডুবে থাকেন তারা। এর চর্চা চলতে থাকে সারা বছর। এবার সেই উদযাপনের কিছুটা যেন দেশের ফুটবলের জন্যই চলে এসেছে। লাল-সবুজ জার্সি গায়ে হামজার অভিষেক যেন নতুন করে স্বপ্ন দেখানো শুরু করেছে।

অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলেছে প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে কোনো গোল করতে না পারলেও শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ। এর পেছনে সবচেয়ে বড় অবদান হামজার।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হলে হামজার অভিষেকটা দারুণভাবে উপভোগ করতে পারবেন তার ভক্তরা। কিন্তু স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।

রবিবার (৬ এপ্রিল) জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে আমার কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে, এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে তো সমস্যা দেখছি না।’’

প্রীতি ম্যাচের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাফুফে সহ-সভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরী ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

   

About

Popular Links

x