Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, অপেক্ষায় রিয়াল মাদ্রিদ

দুই দশকে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ৮টি ট্রফি

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে ফ্রি এজেন্ট (বিনা মূল্যে) হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড।

সোমবার (৫ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। লিভারপুলও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ বছর বয়সী এই রাইটব্যাকের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আলেকজান্ডার-আরনল্ড নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি।’’

এক্স হ্যান্ডেলে সমর্থকদের উদ্দেশে আরনল্ড আরও লিখেছেন, ‘‘আমি জানি আপনারা অনেকেই হয়তো ভেবেছেন বা হতাশ হয়েছেন যে আমি কেন এ বিষয়ে এখনো কিছু বলিনি। আসলে আমার লক্ষ্য ছিল দলের সর্বোত্তম স্বার্থের ওপর আমার পূর্ণ মনোযোগ দেওয়া।’’

লিভারপুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলেকজান্ডার-আরনল্ড আরও লেখেন, ‘‘২০ বছর ধরে এই ক্লাবই আমার জীবনের সব, আমার পুরো পৃথিবী। একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত, ক্লাবের ভেতরে ও বাইরের সবার কাছ থেকে আমি যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সবার কাছে চিরকাল ঋণী থাকব।’’

ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড/ফেসবুক

উল্লেখ্য, ২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন আলেকজান্ডার-আরনল্ড। এরপর অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ দল হয়ে মূল দলে আসেন ২০১৬ সালে। তখন থেকেই লিভারপুলের রক্ষণভাগের অন্যতম ভরসা তিনি।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৫২ ম্যাচ খেলেছেন আরনল্ড। গোল করেছেন ২৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ৮টি ট্রফি। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো লাল কার্ড দেখেননি এই ডিফেন্সার।

আগামী ১ জুন লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিতে পারবেন না। এর অর্থ হলো, রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই। তবে এক স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ফিফা অনুমোদিত ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো অনুযায়ী আরনল্ড আরও আগে রিয়ালে নাম লেখাতে পারবেন।

সে ক্ষেত্রে লিভারপুল থেকে আরনল্ড জুনে যে বেতন পাবেন, তা নিতে পারবেন না। পাশাপাশি তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলেও লিভারপুলকে রিয়ালের নামমাত্র যে দলবদল ফি রয়েছে, তা পরিশোধ করতে হবে।

   

About

Popular Links

x