Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার এখন তিনিই

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৪ মে) দিল্লি ক্যাপিটালসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। সর্বশেষ এই দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি।

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজারদরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিল।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

এর আগে আইপিএলে একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনাকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার পর আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। 

   

About

Popular Links

x