বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। মৌসুমজুড়ে গোল করে ও গোল করিয়ে বার্সার একের পর এক জয়ে অবদান রেখে গেছেন তিনি। পুরো মৌসুম দারুণভাবে কাটানোর পরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটা নিজেদের না করার আক্ষেপ যেন রয়েই গেল।
এরপরও বার্সার হয়ে এতো কম বয়সে অনন্য কীর্তি গড়েছেন ইয়ামাল। সম্প্রতি মৌসুম শেষে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন ইয়ামাল, যেখানে মৌসুমে তার নিজের ও দলের পারফরম্যান্সের ওপর প্রসঙ্গ টেনেছেন তিনি। পাশাপাশি কথা বলেছেন নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘‘এল পার্তিদাসো দে কোপে’’কে দেওয়া ওই সাক্ষাৎকারে ভবিষ্যতে কখনো রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাওয়া হয় ইয়ামালের কাছে। উত্তরে ইয়ামাল বলেছেন, ‘‘আমার ক্যারিয়ারে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব।’’
বার্সার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে এসেছেন ইয়ামাল। এতো কম বয়সেও নিজের ছাঁপ রেখে যাচ্ছে ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রিয়াল-বার্সার মাঠের দ্বন্দ্ব যেন পুরো বিশ্বজুড়েই পড়ছে। কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও দল দুটির নিজেদের মধ্যে কোনো খেলোয়াড় পরিবর্তন করে না।
২০০০ সালের দিকে লুইস ফিগো বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার পর তুলকালামকাণ্ড হয়ে গিয়েছিল। এমনকি রিয়ালের হয়ে ক্যাম্প ন্যুতে খেলতে যাওয়া ফিগোর দিকে ছুড়ে মারা হয়েছিল শূকরের মাথাও।
ইয়ামাল বলেছেন, ‘‘আমি প্রতিবছর উন্নতি করব। আগামী বছরে আমি আরও বেশি গোল করব, আরও বেশি অ্যাসিস্ট (গোল করানো) করব। আর শারীরিকভাবে এখনকার চেয়ে বেশি শক্তিশালী হব।’’
বার্সাকে নিয়ে মানুষের ভাবনাও বদলাতে চান ইয়ামাল, ‘‘আমরা উন্নতি করছি, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে, আমরা সেরা। মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারল, তখনো সবাই তাদের ফেরার সম্ভাবনায় বিশ্বাস রেখেছিল। কিন্তু আমরা ইন্টারের সঙ্গে ড্র করার পর সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এটা বদলানো দরকার।’’



