Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়েরসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সরকারি বিধিবিধান ও শেয়ারবাজারের আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগসহ অবৈধ উপার্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এসব ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে না যেতে পারেন, সে জন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

গত ১৯ জানুয়ারি চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

   

About

Popular Links

x