তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
রবিবার (১৩ জুলাই) টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ১৭৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক লিটন দাস।
রিশাদের বলে বিনুরা ফার্নান্দো স্টাম্পিং হওয়ার মধ্য দিয়েই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম টি–টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুর সময়টুকু বাদ দিলে পুরো ম্যাচজুড়েই দাপট রেখে খেলেছে বাংলাদেশ। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরেন পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ রানেই ৪ উইকেট হারানোর পর নিশাঙ্কা ও শানাকার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে রিশাদের এক ওভারে দুই উইকেটের মধ্য দিয়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে বাংলাদেশের। ততক্ষণে বাড়ি ফিরতে শুরু করেন ডাম্বুলার দর্শকরা। জয় পেতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রিশাদ ৩, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন পান দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০ ওভারে ১৭৭/৭: (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)।
শ্রীলঙ্কা ১৫.২ ওভারে ৯৪/১০: (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফুদ্দিন ২/২১)



