গরমের দিনে একটু স্বস্তির খোঁজে এখন অনেকেরই প্রথম পছন্দ শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বা এসি। নতুন এসি কিনতে কোনো শোরুমে গেলে একটি বিষয় সহজেই চোখে পড়ে - ব্র্যান্ড আলাদা, প্রযুক্তি আলাদা, দামও ভিন্ন; কিন্তু রঙের ক্ষেত্রে যেন সবাই একই পথে হাঁটে। বেশিরভাগ এসির রং-ই সাদা, অফ-হোয়াইট কিংবা হালকা ক্রিম।
অন্যদিকে ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন বা স্মার্টফোনে দেখা যায় নানা রঙের বাহার। তাহলে এসির ক্ষেত্রে কেন এমন নয়? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের বিজ্ঞান, নকশা এবং উৎপাদন-সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ -
কম তাপ শোষণ করে
এসি-তে সাদা রঙ ব্যবহারের অন্যতম বড় কারণ হল, এটি সূর্যের আলোকে বেশি পরিমাণে প্রতিফলিত করে। ফলে এসির বাইরের অংশ তুলনামূলক কম গরম হয়। বিশেষ করে বাইরে লাগানো আউটডোর ইউনিট কম তাপ শোষণ করলে কুলিং সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং কার্যক্ষমতা বজায় রাখতে সুবিধা হয়।
ঘরের সাজসজ্জার সঙ্গে সহজে মানিয়ে যায়
বেশিরভাগ বাড়ি বা অফিসের দেয়ালের রং সাদা, হালকা ধূসর বা ক্রিম হয়ে থাকে। তাই সাদা বা অফ-হোয়াইট এসি সহজেই ঘরের সাজসজ্জার সঙ্গে মিশে যায়। আধুনিক, ক্লাসিক বা মিনিমাল যে ধরনের ঘরই হোক না কেন, সাদা রঙের এসি আলাদা করে চোখে পড়ে না এবং দেখতে পরিপাটি লাগে। উজ্জ্বল বা গাঢ় রঙের এসি অনেক সময় আলাদা করে চোখে পড়ে, যা সবাই পছন্দ করেন না। নিরপেক্ষ রং হওয়ায় সাদা এসি প্রায় সব ধরনের ইন্টেরিয়রে মানিয়ে যায়।
প্লাস্টিকের বডিতে দেয় প্রিমিয়াম লুক
ইনডোর এসির বডি সাধারণত এবিএস বা অন্য ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়। সাদা রঙের ফিনিশিং এই প্লাস্টিক বডিকে আরও পরিষ্কার, ঝকঝকে এবং প্রিমিয়াম লুক দেয়। ফলে এসি দেখতে আরও আকর্ষণীয় লাগে।
উৎপাদন খরচ কমে
উৎপাদনের সময় যদি একটি রঙই বেশি ব্যবহার করা হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া সহজ হয়। আলাদা আলাদা রঙের জন্য পৃথক উৎপাদন ব্যবস্থা বা রং পরিবর্তনের প্রয়োজন কম থাকায় নির্মাতাদের খরচও কমে যায়। একইসঙ্গে বৃহৎ পরিসরে উৎপাদন করা সহজ হয়।
ধুলা ও ছোটখাটো দাগ কম চোখে পড়ে
গাঢ় রঙের যন্ত্রে ধুলাবালি বা আঙুলের ছাপ সহজেই দেখা যায়। তুলনায় সাদা বা ক্রিম রঙে এসব ততটা স্পষ্ট হয় না। ফলে এসি দীর্ঘদিন পরিষ্কার ও নতুনের মতো দেখায়।
ক্রেতাদের পছন্দও একটি কারণ
অধিকাংশ ক্রেতাই এমন ইলেকট্রনিক্স পণ্য পছন্দ করেন, যা সহজে ঘরের পরিবেশের সঙ্গে মানিয়ে যায়। তাই নির্মাতারা সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন রঙেই বেশি উৎপাদন করেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু নির্মাতা কালো, সিলভার, ধূসর কিংবা ম্যাট ফিনিশের ইনডোর এসি বাজারে আনছে, যাতে আধুনিক ইন্টেরিয়রের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে যায়। তবে আউটডোর ইউনিটের ক্ষেত্রে এখনো সাদা বা হালকা রংই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
রঙ কি এসির কুলিংয়ে প্রভাব ফেলে?
অনেকের ধারণা, সাদা রঙের এসি অন্য রঙের তুলনায় বেশি ঠান্ডা করে। বাস্তবে বিষয়টি এমন নয়। একটি এসির শীতল করার ক্ষমতা নির্ভর করে কম্প্রেসর, ইনভার্টার প্রযুক্তি, রেফ্রিজারেন্ট, নকশা ও সক্ষমতার ওপর। রঙের সরাসরি কোনো প্রভাব নেই। তবে আউটডোর ইউনিটের ক্ষেত্রে সাদা রং তাপ কম শোষণ করায় সামান্য ব্যবহারিক সুবিধা দিতে পারে।
সব মিলিয়ে বলা যায়, রূপ কিংবা বৈচিত্র্যের চেয়ে কাজের কার্যকারিতা ও স্থায়িত্বকেই যখন অগ্রাধিকার দেওয়া হয়, তখন সাদাই হয়ে ওঠে সেরা পছন্দ। তাই আধুনিক ডিজাইনের যুগেও এসির জগতে ‘সাদা’-র রাজত্ব এখনও টিকে আছে।



