Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলেজছাত্রীর ধর্ষণ মামলায় চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) নগরের হালিশহর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী আফতাব মজুমদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে আফতাব মজুমদারের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x