মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করে ৫% জনবল কমাচ্ছে। ছাঁটাই হওয়া কর্মীরা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগদান করেছেন।
বুধবার (১৮ জানুয়ারি) মাইক্রোসফটের অভ্যন্তরীণ এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ওই নোটিশে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, “করোনাভাইরাসের সময় গ্রাহকেরা খরচের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি' অনুসরণ করছেন। বিশ্বের অনেক দেশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।”
মাইক্রোসফট করোনাভাইরাস মহামারির সময় অনেক নতুন কর্মী নিয়োগ দেয়। তাদের অনেকেই বাড়ি থেকে কাজ করেন এবং পড়াশোনা করেন।
মহামারি শুরুর পর মাইক্রোসফটের কর্মশক্তি প্রায় ৩৬% বৃদ্ধি পায়। ২০২০ সালের জুনের শেষে এক লাখ ৬৩ হাজার কর্মী থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের জুনে দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছে।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স প্রফেসর জোশুয়া হোয়াইট এ বিষয়ে বলেন, “এর একটা বড় অংশ হল নিয়োগের ক্ষেত্রে অত্যধিক উৎফুল্লতা।”
সিইও সত্য নাদেলা কর্মীদের উদ্দেশ্যে একটি ই-মেইল পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা আমাদের মূল কর্মচারীর ৫%-এর কম।”
উল্লেখ্য, অ্যামাজন, ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাসহ কয়েকশ প্রতিষ্ঠান গত কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। সম্প্রতি অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জেসি জানিয়েছেন, “খরচ কমাতে” প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানি অ্যামাজন ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।
কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে তিনি বলেছেন, “যাদের চাকরি যাচ্ছে, তাদের ১৮ জানুয়ারি থেকে তা জানানো হবে।”



