বিভ্রাট দেখা দেওয়ার ২ ঘণ্টারও বেশি সময় পর দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে দুইটার দিকে নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার।
তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তার খননকাজ চলাকালীন সময়ে অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। ফলে আমাদের কিছুসংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সকল সমস্যার সমাধান করা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর বিভ্রাট দেখা যায় বলে জানান গ্রাহকরা।
বিভ্রাটের এই সময়টায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ফলে কথা বলার পাশাপাশি ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছিল না। জরুরি যোগাযোগ করতে না পেরে এই সময়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তরফ থেকে ব্যাখ্যা চেয়ে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে গ্রামীণফোনের সিইওকে।
প্রসঙ্গত, ভয়েস কল এবং ইন্টারনেট সেবার মান সন্তোষজনক না হওয়ায় গত বছরের জুনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়।
এ বছরের ৩ জানুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার।



