Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনছে নেটফ্লিক্স

কোনো বিজ্ঞাপন ছাড়াই এই গেম চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০:১৯ পিএম

বিশ্বব্যাপী ভিডিও স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্মার্টফোন গেম নিয়ে এলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নিজেদের অ্যাপ আপডেট করা শুরু করেছে ওটিটি প্লাটফর্মটি। সেখান থেকেই ব্যবহারকারীরা গেম ডাউনলোড করতে পারবেন। 

শুরুতে গ্রাহকদের জন্য ৫টি মোবাইল গেম অন্তর্ভুক্ত করেছে নেটফ্লিক্স। এর মধ্যে গেম দুটি জনপ্রিয় স্ট্রেঞ্জার থিংস সিরিজের সঙ্গে সম্পর্কিত।  

নেটফ্লিক্সের আনা স্মার্টফোন গেমগুলো হলো- স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪, স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম, কার্ড ব্লাস্ট, টিটার আপ ও শ্যুটিং হুপস। গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং অন্যান্য মোবাইল গেমের মতো টাকাও খরচ করতে হবে না বলে জানায় নেটফ্লিক্স।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, “এটি কেবলই দীর্ঘ যাত্রার সূচনা মাত্র। এই সময়ের অন্যদের তুলনায় আমরা গ্রাহকদের আলাদা একটি গেমিং অভিজ্ঞতা দিতে চাই। কোনো বিজ্ঞাপন ছাড়াই এই গেম চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না। নেটফ্লিক্স সদস্য হলেই এই গেম খেলা যাবে।”

প্রাথমিকভাবে গেমগুলোতে তুলনামূলক সাধারণ গ্রাফিক্স এবং গেমপ্লে ব্যবহার করা হয়েছে। আপাতত উন্নত গ্রাফিক্স এবং গেমপ্লে ব্যবহারের ব্যাপারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত সব ধরনের গেমারদের জন্য গেম তৈরির পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের।

প্রতিষ্ঠানটির গেম ডেভেলপমেন্টের প্রধান মাইক ভার্ডু এক সময়ে গেমস জায়ান্ট ইএ এবং পরবর্তীতে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ফেসবুকে কাজ করেছেন। 

তিনি বলেন, “আমরা গেমের একটি সংগ্রহশালা গড়ে তুলতে চাই যা প্রত্যেকের জন্য ভালো অভিজ্ঞতা নিয়ে আসবে।” 

আপাতত অ্যান্ড্রয়েড ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য গেমগুলো নিয়ে এসেছে নেটফ্লিক্স। কয়েক মাসের মধ্যেই অ্যাপলের আইওএস ডিভাইসেও এই গেমগুলো চলে আসবে বলে জানিয়েছে তারা।

   

About

Popular Links

x